spot_img
spot_img

রাশিয়ার নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র বিশ্বসেরা: পুতিন

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর প্রায় দুই মাসের মাথায় নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। “সারমাত” নামে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন নতুন এই রুশ ক্ষেপণাস্ত্রকে বিশ্বসেরা বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ প্রতীক্ষিত “সারমাত” ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্লেসেতস্ক থেকে পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হয়েছে এবং প্রায় ৬ হাজার কিলোমিটার (৩ হাজার ৭০০ মাইল) দূরে কামচাটকা উপদ্বীপের লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

রয়টার্স বলছে, বছরের পর বছর ধরে সময় নিয়ে তৈরি করা পামাণবিক সক্ষমতা সম্পন্ন “সারমাত” ক্ষেপণাস্ত্রটির এই পরীক্ষামূলক উৎক্ষেপণ পশ্চিমা দেশগুলোকে বিস্মিত করেনি। কিন্তু ভূ-রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ এমন এক সময়ে এই পরীক্ষাটি চালানো হয়েছে যখন ইউক্রেনে সামরিক অভিযান শুরুর দুই মাসের মাথায়ও দেশটির বড় কোনো শহর দখল করতে পারেনি রুশ সেনারা।

রাশিয়ার দাবি, বিশ্বের আধুনিক কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ‘সারমাত’কে আটকাতে পারবে না। অবশ্য রুশ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, নতুন এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ কৌশলগত এবং প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। এটি ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ