সৌদি আরবে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আমাদের জন্য একটি শিক্ষা হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘এটা অবশ্যই দুর্ভাগ্যজনক, এই ধরনের খবর আমরা পেতেও চাই না। সৌদি সরকারকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছি। একটু অপেক্ষা করি, তাদের উত্তর পেলে পরিষ্কারভাবে বলতে পারবো।’
তিনি বলেন, ‘মৃত্যুদণ্ডের ঘটনায় আমাদের মিশন অবগত ছিল না। যেহেতু ডিটেইলস সৌদি সরকার জানায়নি, সেজন্য এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’
প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘প্রবাসী ভাই-বোনেরা যারা কষ্ট করে নিজের টাকা-পয়সা খরচ করে বিদেশে গিয়ে চাকরি নেয়, কাজ করে, তাদের সবসময় মনে রাখা উচিত, সেই সব দেশের আইন-কানুন মেনে চলতে হবে।’
তিনি বলেন, ‘মক্কার একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত হওয়ার অভিযোগে সৌদি আরবের আইনি কাঠামো অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়েছে বলে শ্রম কল্যাণ উইংয়ের বার্তায় জানানো হয়েছে। এরকম কোনো ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।’
শামা ওবায়েদ বলেন, ‘আনুষ্ঠানিক তথ্য পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পরই জানা যাবে, কবে ও কীভাবে দুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।’











