রংপুর মহানগরীতে ১৯ পিস ইয়াবাসহ বর্তমান ও সাবেক দুই পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর পায়রা চত্বরে স্কাইভিউ হোটেলের ৭১০ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন দিনাজপুর জেলার বিরলের মোহনপুরের মাজেদুল ইসলামের ছেলে কনস্টেবল মিঠুন ইসলাম এবং সিরাজগঞ্জের বেলকুচির কোনাবাড়ীর মৃত আব্দুস সাত্তার সরকারের ছেলে সাবেক পুলিশ কনস্টেবল ওমর আলী। ওমর আলীর বিরুদ্ধে কুমিল্লার চান্দিনা থানায় দায়ের করা একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুরের উপপরিচালক আবু জাফর জানান, অভিযানের সময় হোটেলের ওই কক্ষের খাটের নিচে মেঝেতে থাকা একটি ‘ডার্বি’ সিগারেটের প্যাকেটের ভেতর জিপারযুক্ত পলি ব্যাগ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা সেবনের ৪টি পাইপ, ২টি গ্যাস লাইট, ৩টি প্লাস্টিকের কর্ক, ২টি ফয়েল পেপার ও ২টি স্মার্টফোন জব্দ করা হয়।
এ ঘটনায় ডিএনসির এসআই তাহমুদার রহমান মহানগর কোতোয়ালি থানায় মামলা করেছেন।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি জানান, ডিএনসি থানায় মামলা করে দুই পুলিশ সদস্যকে তাদের কাছে সোপর্দ করে। পরে জব্দ করা আলামতসহ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
শুক্রবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত কোতোয়ালির বিচারক রফিকুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের প্রসিকিউটর আবু সাঈদ জানান, সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা ইয়াবাসহ গ্রেপ্তার কনস্টেবল মাহিন ইসলাম ও সাবেক কনস্টেবল ওমর আলীকে আদালতে তোলেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন। পরে পুলিশি পাহারায় তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।











