সারা দেশে বেশ কিছুদিন ধরে টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। অবশেষে সেই বহুল কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। রাজধানীর ফার্মগেট, বাংলামোটর, প্রেস ক্লাব, পল্টন, মতিঝিল এলাকায় শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে বৃষ্টি শুরু হয়। ঝোড়ো হাওয়া শুরু হয় বিকেল সাড়ে ৫টার পর।
এদিকে দীর্ঘ দিন পর নামা এ বৃষ্টিতে প্রাণ ফিরেছে রাজধানীতে। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করছেন রাজধানীবাসী।
কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তাঁর ফেসবুক পোস্টে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলেন, ‘আজ (শুক্রবার) বিকেল ৫টা ১৫ মিনিটের পর থেকে রাত ৮টার মধ্যে ঢাকা শহরের উপর দিয়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিকেল সাড়ে ৫টার পর থেকে রাত ৮টার মধ্যে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা প্রায় শতভাগ।
মোস্তফা কামাল পলাশ আরও বলেন, ‘আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টার পর থেকে রাত ৯টার মধ্যে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলায় কালবৈশাখী ঝড়, হালকা বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। রাত ৯টার পর থেকে রাত ১২টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে কালবৈশাখী ঝড়, হালকা বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।’











