পবিত্র রমজান মাস শেষে ঈদ উল ফিতর উপলক্ষে পূর্ব জেরুসালেমে অবস্থিত মসজিদ আল আকসায় প্রায় ১ লাখ ২০ হাজার মুসল্লি সালাত আদায় করেছেন বলে জানিয়েছে জেরুসালেমের ইসলামিক ওয়াকফ প্রশাসন।
ঈদের দিন (শুক্রবার ২১ এপ্রিল) সকাল থেকেই সব বয়সের ফিলিস্তিনি মুসলমানরা আল-আকসা মসজিদ প্রাঙ্গনে সালাত আদায়ের জন্য জড়ো হয়। সালাত আদায়ের পর মসজিদ প্রাঙ্গণে মুসল্লিরা ঈদের শুভেচ্ছা বিনিময় করে। এ সময় পুরো আল-আকসা মসজিদ জুড়ে মুসল্লিদের কন্ঠে তাকবীরের ধ্বনি ওঠে।
মুস্তাফা গুলেরেন নামে একজন তুরস্কের নাগরিক মসজিদ আল আকসায় সালাত আদায় করার পর সংবাদ মাধ্যমকে বলেন, জেরুসালেম ও আল-আকসা মসজিদে পবিত্র রমজান মাসের শেষ দিনগুলি কাটানোর অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।
উল্লেখ্য, আল আকসায় আজকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও গত সপ্তাহে তা ছিল ব্যাপক উত্তেজনাকর। তারাবির নামাজ আদায় করার সময় প্রায় চার শতাধিক মুসল্লিকে গ্রেফতার করে দখলদার বাহিনী। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এ অঞ্চল জুড়ে। যার প্রতিশোধে গাজা উপত্যকা ও লেবানন থেকে রকেট ছোড়া হয় ইসরায়েলের দিকে। এর পাল্টা জবাব দেয় ইসরাইল।
সূত্র: ইয়ানি-সাফাক











