ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে মনোনীত হওয়া জুলাই আন্দোলনে শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম বলেছেন, প্রায় ১৪০০ শহীদ পরিবার, ২০ হাজার আহত এবং আন্দোলনের অংশগ্রহণকারীদের পক্ষ থেকে তিনি সংসদে যাচ্ছেন। সেখানে তাদের যথাযথভাবে প্রতিনিধিত্ব করতে সবার কাছে দোয়া কামনা করেন তিনি। পাশাপাশি মনোনয়ন দেওয়ায় জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানান।
মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রোকেয়া বেগম বলেন, তিনি উত্তরার সর্বকনিষ্ঠ শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা। জুলাইয়ের আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে তিনি আজ এই অবস্থানে দাঁড়িয়েছেন।
জাবির গত ৫ আগস্ট রাজধানীর উত্তরায় পুলিশ ও ছাত্র-জনতার সংঘর্ষ চলাকালে মা-বাবার সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয় ছয় বছর বয়সি জাবির ইব্রাহিম দক্ষিণখান থানার পশ্চিম মোল্লারটেক এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত। স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল সে। দুই ভাই ও এক বোনের মধ্যে জাবির ছিল সবার ছোট। তার বাবা কবির হোসেন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।











