ফিলিস্তিনে ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলি বর্বরতার প্রতিবাদে আজ বাদ জুম’আ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ পালিত হয়েছে।
এতে অংশ নিয়েছেন সিলেটের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
এদিকে “স্টুডেন্টস অফ বাংলাদেশ” এর ব্যানারে পূর্ব নির্ধারিত এ বিক্ষোভ গতরাতে ইসরাইলের যুদ্ধ বিরতির ঘোষণায় ও ফিলিস্তিনিদের বিজয়ে আনন্দ মিছিলে পরিণত হয়।
বিক্ষোভ পূর্ব মানববন্ধনে বক্তারা বলেন, “টানা এগারোদিনের অসম লড়াইয়ের পর ফিলিস্তিনিদের স্পষ্ট বিজয়ে আমরা আনন্দিত। এ আনন্দের মুহুর্তে যেন আমরা ইসরাইলি দখলদারিত্ব মুক্ত স্বাধীন ফিলিস্তিন দাবী ভুলে না যাই”।
শহীদ মিনারে মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে সিলেট কোর্ট পয়েন্টে এসে সমাপ্ত হয়। এসময় তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান। এই এগারোদিনের হামলায় আহতদের সুস্থতা ও নিহতদের শাহাদাতের কামনার মাধ্যমে এবং আগামীদিনে ইসরাইলি আগ্রাসন বিরোধী বুদ্ধিবৃত্তিক লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।












