spot_img
spot_img

বাংলাসহ ৩৫ ভাষায় সরাসরি অনুবাদ হবে এবার হজ্বের খুতবা

পবিত্র হজ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আরাফার ময়দান থেকে প্রচারিত মূল খুতবা এবার বিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ ও সম্প্রচার করা হবে। এর মধ্যে বাংলাও রয়েছে।

২০২৬ সালের হজ্ব উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি। প্রযুক্তির সহায়তায় ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী এই খুতবা লাইভ প্রচার করা হবে।

দুই পবিত্র মসজিদের ধর্মীয় সেবায় সৌদি আরবের ভূমিকা নিয়ে আয়োজিত এক সেমিনারে এ ঘোষণা দেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের হজ্বের খুতবা মসজিদে নামিরাহ থেকে প্রদান করবেন মসজিদে নববীর ইমাম ও প্রবীণ আলেম শায়খ আলী হুজাইফি।

যেসব ভাষায় খুতবা অনুবাদ ও সম্প্রচার করা হবে, তার মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, ফরাসি, ইন্দোনেশীয়, উর্দু, তুর্কি, ফার্সি, স্প্যানিশ, চীনা, রুশ, হিন্দি, মালয়, আমহারিক, হাউসা, সোয়াহিলি, সোমালি, পশতু, পাঞ্জাবি, তামিল, ফিলিপিনো, বসনিয়ান, জার্মান, ইতালীয়, পর্তুগিজ, সুইডিশ, উজবেক, তাজিক, নেপালি, সিংহলি, মালয়ালম, ওরোমো, তিগরিনিয়া, ইওরুবা, উগান্ডান ও লিথুয়ানিয়ান ভাষা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা নিজেদের ভাষায় হজ্বের খুতবা সরাসরি শুনতে ও বুঝতে পারবেন। এতে হজ্বের শিক্ষা ও ইসলামের সার্বজনীন বার্তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।

বিশেষ করে বাংলাভাষী মুসলমানদের জন্য এটি হজ্বের খুতবা সরাসরি বোঝার একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ