বাংলাদেশে এখন যে অপকর্মগুলো হচ্ছে সেগুলো জামায়াতে ইসলামী করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বৃহস্পতিবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, জামায়াতে ইসলামী রাজনীতি করছে ইসলামকে ব্যবহার করে এবং দেশের বিভিন্ন অপকর্মের জন্য তারা দায়ী। তার দাবি, এসব বিষয় সরকারের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।
এদেশে সবচেয়ে বেশি নারী নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি খুন ও হত্যা করেছে জামায়াতে ইসলামী বলে দাবি করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, ‘এটা ইতিহাসের ধারা। এরা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এরা ৪৭ সালে পাকিস্তান আন্দোলনে ছিল ব্রিটিশদের পক্ষে। একাত্তর সালে বাংলাদেশের মানুষ যখন জানতো বাংলাদেশ অবধারিত তখন বাংলাদেশের পক্ষে নেয়নি। তারা নিয়েছিল পাকিস্তানের পক্ষ।’
বিএনপির এই নেতা সতর্ক করে বলেন, ভিন্ন মতাদর্শকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।











