spot_img
spot_img

লাখো মুসল্লির অংশগ্রহণে মুফতী আব্দুল হালিম বোখারী রহ. এর জানাজা সম্পন্ন

মাহবুবুল মান্নান

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসল্লিদের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার মুহতামিম ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব মুফতী আবদুল হালিম বোখারী রাহ.-এর জানাজার নামাজ।

পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (২১জুন) রাত দশটায় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের ইমামতি করেন জামিয়া ইসলামের পটিয়ার প্রধান মুফতী ও মুহাদ্দিস মুফতী হাফেজ আহমদ উল্লাহ।

মঙ্গলবার (২১জুন)সকাল ১০:১০মিনিটে চট্টগ্রাম সিএসসিআর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন দেশের শীর্ষ আলেম মুফতী আব্দুল হালিম বোখারী।

তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা ,ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভোগে ছিলেন।

গত রোববার (১৯জুন) সন্ধ্যার দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে চট্টগ্রাম সিএসসিআর হসপিটালে ভর্তি করা হয়েছিল।

মৃত্যুকালে তিনি চার ছেলে তিন মেয়ে,স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতী হাফেজ আহমদ উল্লাহ মুফতী আব্দুল হালিম বোখারী রহ.-এর বর্নাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বলেন, মুফতী বোখারী জামিয়ার ১৪ বছর মুহতামিম থাকাকালীন একাডেমিক অনেক উন্নত হয়েছে। দাওরায়ে হাদিসের(মাস্টার্স)বার্ষিক রেজাল্টে প্রতিবছর জামিয়ার ছাত্ররা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

তিনি জামিয়ার বর্তমান নায়েবে মুহতামিম মাওলানা ওবাইদুল্লাহ হামজাকে জামিয়া কতৃপক্ষের সিদ্ধান্তে ভারপ্রাপ্ত মুহতামিম ঘোষণা করেন। পরবর্তী শুরার বৈঠক না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

জামিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা ওবাইদুল্লাহ হামজা ও মুফতী আব্দুল হালিম বোখারীর বড় ছেলে মাওলানা রেজাউল করিম বোখারী সারাদেশ থেকে জানাযায় আগত মুসল্লীদের জামিয়া পটিয়া ও পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানান।

মুফতী আব্দুল হালীম বোখারী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন নায়েবে আমীর, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম,আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজারি কমিটির সভাপতি, ইসলামি সম্মেলন সংস্থা বাংলাদেশ ও বাংলাদেশ তাহফিজুল কুরআন সংস্থার সভাপতি এবং জামিয়া পটিয়ার মুখপাত্র মাসিক আত তাওহীদের প্রধান সম্পাদক ছিলেন।

২০১৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের স্বীকৃতি প্রদানের নিমিত্তে আল হাইআতুল উলয়া গঠিত হলে তিনি এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন।

নামাযে জানাযা শেষে মাকবারায়ে আজিজিতে( জামিয়ার কবরস্থান) তাঁকে দাফন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ