প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচন মনিটরিং করেছি দিনভর। সকাল ৮টা থেকে শেষ অব্দি। আমি বলব, নির্বাচন অবাধ, সুষ্ঠু, আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আধা ঘণ্টা প্রবল বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত হয়েছে। তবে ভোট গ্রহণ বন্ধ হয়নি। স্বাভাবিকভাবেই নির্বাচন হয়েছে।
বুধবার (২১ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা সন্তুষ্ট বোধ করছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা অবাধে ও নির্বিঘ্নে এসে ভোট দিয়েছেন। কোথাও কোনো বাধা পেয়েছেন বলে শুনিনি, তথ্যও পাইনি। কাজেই সার্বিকভাবে আজকের নির্বাচনগুলো ভালো হয়েছে।
কাজী হাবিবুল আউয়াল বলেন, যতটুকু তথ্য সংগ্রহ করা হয়েছে, রাজশাহীতে ৫২ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল। সিলেটে কমবেশি ৪৬ শতাংশ ভোটার উপস্থিতি ছিল- এটা জানতে পেরেছি। ভোটের হার চূড়ান্তভাবে কমবেশি হতে পারে, হেরফের হতে পারে। বাসাইল পৌরসভার নির্বাচন আশানুরূপভাবে ভালো হয়েছে। এটা ক্রিটিক্যাল প্লেস ছিল। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেখানে ৭০ শতাংশ ভোট পড়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়াটা যথেষ্ট। ৬০ থেকে ৭০ শতাংশ হলে তা এক্সিলেন্ট হবে। আমরা চেষ্টা করে যাবো। আপনারাও সহায়তা করবেন। সিলেট ও রাজশাহীতে ভোটের মাধ্যমে বর্তমান কমিশনের অধীনে জাতীয় নির্বাচনের আগে পাঁচটি সিটিতে ভোট গ্রহণ শেষ হলো।











