spot_img

বিএনপি-জামায়াত দুর্বৃত্তায়নের রাজনীতি করে: তথ্যমন্ত্রী

বিএনপি-জামায়াত দুর্বৃত্তায়নের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, প্রতিপক্ষকে হত্যা করে নির্মূল করতে হবে এই রাজনীতি যারা করে, তারা রাজনৈতিক দুর্বৃত্ত। আর এই দুর্বৃত্তায়নের রাজনীতিটা করে বিএনপি এবং জামাত।

শনিবার (২১ আগস্ট) বিকালে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিএসএমএমইউ’র ডা. মিলন হলে ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও আহতদের স্বাস্থ্যসেবা সুরক্ষায় আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্ঞাতসারে তার পুত্র তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় আওয়ামী লীগকে নেতৃতশূন্য করার উদ্দেশ্যে এই গ্রেনেড হামলা হয়েছে। এই হামলা ১৯৭৫ সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিকতাতেই পরিচালিত। ১৫ আগস্ট হত্যাকান্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী জিয়া পরিবারই তখন ক্ষমতায় ছিল।

তথ্যমন্ত্রী আরও বলেন, ক্ষমতা নিষ্কন্টক করতে হাজার হাজার সেনাসদস্যকে হত্যা করে জিয়াউর রহমান এদেশে হত্যার রাজনীতি শুরু করেন এবং খালেদা জিয়া তা অব্যাহত রাখেন।

তিনি বলেন, দেশে সত্যিকার অর্থে সুস্থধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে যারা হত্যা-সন্ত্রাসের রাজনীতি করে, মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করে ও মানুষকে জিম্মি করার রাজনীতি করে; তাদের রাজনীতি বন্ধ হওয়া উচিত।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মাদ শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় ‘২১ আগস্ট বাংলাদেশ’ সংগঠনের সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিশেষ অতিথি ও মুখ্য আলোচক, বিএসএমএমইউ’র উপ-উপাচার্য ডা. ছায়েফ উদ্দিন আহমদ শুভেচ্ছা বক্তা হিসেবে গ্রেনেড হামলায় আহতদের পক্ষে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ