বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বাইরের (বিদেশের) সুতার টানে দেশের মানুষের শান্তি সমৃদ্ধি, লক্ষ্য-স্বপ্নকে ধ্বংস করার চেষ্টা করবেন না। আর দেশের শান্তি-শৃঙ্খলা ধ্বংস করার চেষ্টা করলে এদেশের জনগণ আপনাদের সমুচিত জবাব দিবে।
রবিবার (২১ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন নানক।
বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে নানক বলেন, নির্বাচনে এসে জনপ্রিয়তা প্রমাণ করুন। দেশের জনগণ আওয়ামী লীগের পক্ষে, গণতন্ত্রের পক্ষে নাকি বিএনপির পক্ষে তা নির্বাচনে জনগণ ঠিক করবে। আওয়ামী লীগের এত সকল উন্নয়নের কারণে দেশের মানুষ ভেবে চিন্তে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আজকে বিএনপি মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে। কিন্তু অতীতে মানবাধিকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা এখন একটু টার্ন নিয়েছে। ইন্ডিয়া থেকে কি যেন একটা বার্তা আমেরিকাকে পাঠিয়েছে, সেটা দেখে তারা হতাশ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শতভাগ স্বচ্ছ নির্বাচন। সেই ভোটের মাধ্যমে জনগণ যদি শেখ হাসিনাকে ভোট দেয় তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন। আর যদি না দেয় তিনি তা মেনে নিবেন। অতএব নির্বাচনে আসুন। বিদেশি প্রভুদের তেল মারা তাদের পা চাটা বাদ দিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন।
মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম.এ. সাত্তারের সভাপতিত্বে সভাপতি সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল সিদ্দিক তুহিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খানসহ মহানগর ও মোহাম্মদপুর থানার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের নেতারা।










