ঢাকা মহানগর পুলিশের ডিএমপি উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির পর এবার সরানো হলো গুলশান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি মো. সরোয়ার হোসাইনকে। ডিবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি মো. আমিনুল হক বাপ্পীকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
শনিবার ১৯ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে। একই আদেশে চারজন অতিরিক্ত উপপুলিশ কমিশনারের দায়িত্বে রদবদল আনা হয়েছে।
আদেশ অনুযায়ী, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবং মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে এবং গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশানে মিছিল করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এ ঘটনায় পুলিশের গোয়েন্দা ব্যর্থতা ফুটে উঠেছে বলে অভিযোগ ওঠে। যা নিয়ে পুলিশ বাহিনীতে তোলপাড় শুরু হয়। এ ঘটনার পর গুলশানের ডিসি ও ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।











