spot_img
spot_img

আফগানিস্তানের কুনার-পাকতিকায় পাকিস্তানের বিমান হামলার নিন্দা মাওলানা মুজাহিদের

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ পূর্বাঞ্চলীয় কুনার ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠীর বিমান হামলার নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন, নিজেদের দেশের নিরাপত্তা ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টি সরাতে প্রতিবেশী দেশের সামরিক মহল আবারও একটি অপরাধ করেছে। এর উপযুক্ত জবাব দেবে আফগানরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী রোববার রাতে কুনার ও পাকতিকার বেসামরিক এলাকায় আবারও বোমা হামলা চালিয়েছে।

তিনি নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, এসব হামলায় কুনারে একজন নারী ও দুই পুরুষ শহীদ হয়েছেন এবং দুই নারী ও দুই পুরুষ আহত হয়েছেন। তারা সবাই বেসামরিক নাগরিক।

মাওলানা মুজাহিদ আরও বলেন, পাকতিকায় একটি বাড়ি ও একটি দোকানে বোমা হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, “আমরা এই আগ্রাসন ও জুলুমের নিন্দা জানাই এবং একে অপরাধের পুনরাবৃত্তি হিসেবে অভিহিত করছি। পাকিস্তানের সামরিক মহল নিজেদের দেশের নিরাপত্তা ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা হিসেবে আবারও এমন একটি অপরাধ করেছে। এর উপযুক্ত জবাব দেবে আফগানরা।”

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হামলাগুলো কুনারের নুরগাল জেলা এবং পাকতিকার বারমাল জেলায় চালানো হয়েছে।

সূত্র : পাজওক আফগান নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ