খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে দুই দিনের বাস ধর্মঘটের মধ্যে এবার ডাকা হলো লঞ্চ ধর্মঘট।
শ্রমিকদের বেতন বাড়ানো, ভৈরব থেকে নওয়াপাড়া পর্যন্ত নদী খনন, ভারতগামী জাহাজের ল্যান্ডিং পাসসহ ১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছে যাত্রীবাহী লঞ্চ শ্রমিকরা।
বিএনপি নেতারা বলছেন, সমাবেশে আসতে বাধা দিতে বাস ও লঞ্চ ধর্মঘট ডাকা হয়েছে। বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, ১০ দফা দাবিতে তারা যাত্রীবাহী লঞ্চে ৪৮ ঘণ্টা ধর্মঘট শুরু করেছেন। এর ফলে ২টি রুটে ৬টি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বিএনপির নেতাদের অভিযোগ, আগামীকাল শনিবার বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে বাস ধর্মঘটের ডাক দেওয়ার পর লঞ্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
খুলনা মহানগর বিএনপির সদস্য ও মিডিয়া সাব কমিটির আহবায়ক এহতেশামুল হক শাওন বলেন, খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ব্যাহত করতে কৃত্রিম সংকট দেখিয়ে দুইদিনের পরিবহন ধর্মঘটের যে উদ্দেশ্যে ডাকা হয়েছে লঞ্চ ধর্মঘটও সে উদ্দেশ্যে ডাকা হয়েছে। এটা একটা পরিষ্কার চক্রান্ত।











