আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য ও ভালো মানুষ বাছাই করে বিএনপির প্রার্থী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, জনগণের ভোটে যাতে বিএনপির প্রার্থীরা নির্বাচিত হতে পারেন, সেদিকে লক্ষ্য রেখেই প্রার্থী বাছাই করতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউ হোটেলে আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আওয়ামী লীগ সরকার যেভাবে প্রশাসনের মাধ্যমে ভোটকেন্দ্র দখল করে পছন্দের প্রার্থীকে জয়ী ঘোষণা করেছে, বিএনপি সে ধরনের নির্বাচন চায় না। জনগণের ভোটে গ্রহণযোগ্য প্রার্থীকে জয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিএনপির বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী নেতা-কর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, স্বৈরাচার ও গুপ্ত দল আবার এক হয়েছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি পক্ষ অর্থ ব্যয় করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিগত ১৭ বছর ভোটারবিহীন নির্বাচন করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। গণআন্দোলনে বিতাড়িত হওয়ার পর এখন তারা গণতন্ত্রের জন্য মায়াকান্না করছে। নির্বাচনের আগে ‘বেহেশতের টিকিট’ বিক্রি করেও যারা ক্ষমতায় যেতে পারেনি, তারাও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।
চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজিসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তারেক রহমান বলেন, এ ধরনের অভিযোগ এলে কাউকেই ছাড় দেওয়া হবে না। দেশের মানুষ বিএনপিকে শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের জন্য ভোট দিয়েছে। তাই জনগণের সেই আস্থার মর্যাদা রাখতে হবে।
নেতাকর্মীদের মানুষের কাছে যাওয়ার এবং সুখে-দুঃখে তাদের পাশে থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, সংসদ অধিবেশন চলার সময় ছাড়া বাকি সময় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় থেকে মানুষের জন্য কাজ করতে হবে।











