কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
তিনি বলেছেন, অন্তরের আগুন জ্বালাবেন না, পুড়ে ছাই হয়ে যাবেন। লাউড অ্যান্ড ক্লিয়ার।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন ।
ফেসবুক পোস্টে নয়ন লিখেছেন, হ্যালো নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ, বলেছিলাম না, ১৯ তারিখ ‘লক ডাউন’ বলে কোনো কিছু থাকবে না। সব চলবে স্বাভাবিক নিয়মে, স্বাভাবিকভাবে। বরং নিষিদ্ধ আওয়ামী লীগের আস্ফালন ডাউন করে দেব, দিয়েছি।
নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, বাড়াবাড়ি করবেন না। এই কয়দিন যা দেখেছেন সেটা ট্রেলার ছিল। পুরো সিনেমাটা এখনো দেখেননি। এবার যদি বাড়াবাড়ি করেন তাহলে দেখবেন। আপনাদের জন্য সেটা নিষ্ঠুর সিনেমা হবে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাতে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা দিয়ে যুবদলের এই নেতা লেখেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাকে গ্রেফতার করে রিমান্ডে নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল। বৈদ্যুতিক শক দিয়েছিল, পায়ে গুলি করে ওই অবস্থায় টানতে টানতে কোর্টে উঠিয়েছিল। আরেকবার গুলি করে রাস্তায় ফেলে রেখেছিল, আরেকবার গুলি করে মৃত ভেবে হাসপাতালে ফেলে রেখে গিয়েছিল। আমাকে না পেয়ে আমার বৃদ্ধ বাবাকে গ্রেফতার করে নির্যাতন করেছিল। আমি সেসব ভুলিনি।
এরপর তিনি লেখেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর আমরা একটা বৈষম্যহীন, শান্তিপ্রিয় রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলাম বলে অতীত ভুলে গিয়েছিলাম। মনে কোনো প্রতিশোধস্পৃহা ছিল না। যারা আমাকে নিষ্ঠুর নির্যাতন করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেইনি। চাইলে মামলা করতে পারতাম। কিন্তু আমি প্রতিশোধে নয়, পরিবর্তনে বিশ্বাসী।











