বাগরাম বিমানঘাঁটি আফগানিস্তান ও দেশটির জনগণের সম্পত্তি। এটি নিজেদের বলে দাবি করার কোনো অধিকার আমেরিকার নেই বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জ্যেষ্ঠ সদস্য মাওলানা আনাস হাক্কানী।
শনিবার (২১ নভেম্বর) আমেরিকান অ্যাক্টিভিস্ট স্নিকোর সঙ্গে এক সাক্ষাৎকারে বাগরামের গুরুত্ব এবং বিমানঘাঁটি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাওলানা আনাস হাক্কানী বলেন, আফগানিস্তানের ইতিহাসে বাগরামের বিশেষ স্থান রয়েছে। একসময় কবিতা ও ঐতিহাসিক বিবরণে দেশটির সৌন্দর্যের প্রতীক হিসেবে বাগরামের প্রশংসা করা হতো।
তিনি বলেন, সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তীতে আমেরিকান বাহিনীর উপস্থিতির সময় বাগরামের চিত্র বদলে যায়। এলাকাটি তখন সহিংসতা, ধ্বংসযজ্ঞ ও বন্দিত্বের প্রতীকে পরিণত হয়।
বাগরাম ঘাঁটিতে বন্দী থাকা হাজারো মানুষের স্মৃতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের উপস্থিতির চিহ্ন এখনো ঘাঁটির দেয়ালে রয়ে গেছে। ঘাঁটিতে মানুষকে হত্যা ও নির্যাতনের কথাও তুলে ধরেন তিনি। এ সময় প্রশ্ন করেন, বাগরাম আফগানিস্তানের, নাকি আমেরিকার?
নিজের প্রশ্নের জবাবে তিনি জোর দিয়ে বলেন, এটি আমাদের অধিকার। আমেরিকানদের কিংবা আমেরিকান রাজনীতিবিদদের অধিকার নয়। আফগানিস্তানে বিদেশি হস্তক্ষেপেরও সমালোচনা করেন তিনি বলেন, আফগানরা অন্য দেশে যায়নি, বরং বিদেশি বাহিনী তাদের দেশে এসেছে।
তিনি বলেন, আমরা আশা করি, আফগানিস্তান আবারও অন্যদের নীতির শিকার হবে না। আমরা স্বাভাবিক জীবনযাপন করতে চাই। আমরা চাই, আমাদের সন্তান ও নতুন প্রজন্ম স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারবে এবং জীবন উপভোগ করতে পারবে। যখনই অন্যদের নীতি আমাদের দেশের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, তখনই সমস্যার সৃষ্টি হয়েছে।
সাক্ষাৎকারে মাওলানা হাক্কানী ইসলামকে শান্তি ও ন্যায়বিচারের ধর্ম হিসেবেও তুলে ধরেন। তিনি বলেন, ইসলাম সব ধর্মের অনুসারীদের অধিকার স্বীকার করে।
সূত্র : আরিয়ানা নিউজ











