spot_img
spot_img

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না তা বর্তমানে আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। পাশাপাশি গোপালগঞ্জে দলটির সাম্প্রতিক তাণ্ডবের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে কি না, সরকার সেটিও খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে ভেবেছিল বর্তমান সরকারও তাদের মতো গুলি চালাবে। কিন্তু সরকার তাদের সেই পথ অনুসরণ করবে না। বরং প্রচলিত আইন অনুযায়ীই পরিস্থিতি মোকাবিলা করা হবে।

তিনি আরও মন্তব্য করেন, গণহত্যা চালিয়ে আওয়ামী লীগ ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। অথচ এ নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই।

এর আগে মূল অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী বিগত সরকারের শাসনামলের সমালোচনা করেন। তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে এমন ফ্যাসিবাদী শাসনের উত্থান ঘটবে তা আগে ধারণা করা যায়নি। ওই ১৬ বছরে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে এবং ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনে অংশ নিতে গিয়ে তাদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা গুলিতে নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ হিসেবে চালানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

গুম ও রাজনৈতিক নিপীড়নের চিত্র তুলে ধরে আইনমন্ত্রী অভিযোগ করেন, ওই সময় ৭০০-এর বেশি সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল। তাদের অনেকেই আজও ফিরে আসেননি। নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে চোখের পানি ফেলে প্রিয়জনের ফিরে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে কথা বলায় লাখ লাখ বিরোধী নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন এবং বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেন আইনমন্ত্রী।

দেশ ও জাতিকে সেই দুঃসময় থেকে বের করে আনতে তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’ যে ভূমিকা রেখেছে তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আইনমন্ত্রী বলেন, জেন-জি নিজেদের ক্ষত, স্বজন হারানোর বেদনা, স্বজনদের আহাজারি ও সহযোদ্ধাদের আর্তচিৎকার ভুলে যায়নি।

এই প্রজন্মকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আইনমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ