spot_img
spot_img

জালিমকে নিয়ন্ত্রণ ও মাজলুমের পক্ষে দাঁড়ানো সরকারের দায়িত্ব: মুফতী আব্দুল মালেক

সমাজে অরাজকতা, নাশকতা ও অন্যায়ভাবে মানুষ হত্যাকে গুরুতর অপরাধ উল্লেখ করে এসব অপরাধের ধরন অনুযায়ী যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব ফকিহ মুফতী আব্দুল মালেক।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার খুতবায় তিনি এ কথা বলেন।

খুতবায় মুফতী আব্দুল মালেক বলেন, দেশকে জালিমের হাতে ছেড়ে দেওয়া এবং মজলুমকে জালিমের জুলুমের মুখে অসহায় অবস্থায় ফেলে রাখা কোনোভাবেই জায়েজ নয়। এটি সরকারের জন্য যেমন হারাম ও অপরাধ তেমনি সমাজের দায়িত্বশীল ব্যক্তি ও কোনো মুসলমানের জন্যও জায়েজ নয়।

সরকারকে আল্লাহর প্রতিনিধি হিসেবে উল্লেখ করে মুফতী আব্দুল মালেক বলেন, সরকারের মূল কাজ হলো আল্লাহর সৃষ্টির মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা। যদি কোনো মাখলুকের ওপর জুলুম হয় তবে সরকারকে মজলুমের পক্ষে দাঁড়াতে হবে এবং জালিমকে নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি বলেন, জমিনে বিশৃঙ্খলা (ফাসাদ) সৃষ্টি করার যে শাস্তি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হক্কানি আলেমরা তা শুনিয়ে দেবেন। আর তা প্রয়োগ ও বাস্তবায়ন করার দায়িত্ব হলো সরকারের। জালিম যেই হোক তার জুলুম যেমন, সে হিসেবে তার যে শাস্তি হয় তা প্রয়োগ করা সরকারের দায়িত্ব।

জালিমের পরিচয় ভুলে তার বিপক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়ে খতিব বলেন, জালিম যে দল, বংশ কিংবা পরিবারেরই হোক না কেন, জুলুম থেকে ফিরে না আসা পর্যন্ত তার পক্ষে অবস্থান নেওয়া যাবে না। বরং জালিমকে জুলুম থেকে বিরত রাখাই তার প্রতি প্রকৃত সাহায্য। জালিমকে আশ্রয় দেওয়া বা তার পক্ষে কোনো ভূমিকা পালন করা জুলুমের মতোই গুনাহ বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া কোনো মুসলিম তো বটেই, এমনকি কোনো অমুসলিমকেও অকারণে ভয় দেখানো বা আতঙ্কিত করা ইসলামের দৃষ্টিতে হারাম ও গুনাহের কাজ বলে সতর্ক করেন তিনি।

খুতবায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে মুফতী আব্দুল মালেক আরও বলেন, প্রিন্ট বা ইলেকট্রনিক কোনো গণমাধ্যম কিংবা সাংবাদিকের জন্য ঘুরিয়ে-পেঁচিয়ে জালিমের পক্ষে একটি কলাম বা একটি লাইনও লেখা জায়েজ নয়। বরং জুলুমের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে কথা বলা সাংবাদিকদের নৈতিক ও ইমানি দায়িত্ব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ