তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বলেছেন, বিশ্বের কোনো দেশ যেন আফগানিস্তানের ভূমি থেকে নিজেদের জন্য কোনো হুমকির আশঙ্কা না করে। তবে ইমরান খানের উদ্দেশ্য যদি এটা হয় যে, আফগানিস্তানে বর্তমানে একটি দুর্বল সরকার ক্ষমতায় রয়েছে এবং এ ধরনের হুমকি মোকাবিলার শক্তি তার নেই তাহলে সেটি ভিন্ন কথা। তবে আমি আশা করব সেরকম ঘটনাও ঘটবে না।
ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দেওয়া বক্তব্যের ব্যাপারে কাবুলে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা মুত্তাকি বলেন, আফগানিস্তানের ভূমি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে তৎপরতা চালাতে কাউকে অনুমতি দেয়া হবে না।
এর আগে গত সোমবার ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির আফগানিস্তান বিষয়ক বিশেষ সম্মেলনে দেওয়া ভাষণে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, দায়েশ যদি আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাতে চায় এবং তখন যদি তালেবান সরকারকে শক্তিশালী করা না হয় তাহলে তার পক্ষে দায়েশকে মোকাবিলা করা সম্ভব হবে না।











