আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক-মহাসড়কে শৃঙ্খলা না থাকলে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। দেশকে স্মার্ট করতে হলে সড়কগুলোকে আরও স্মার্ট করতে হবে। রাস্তায় ও পরিবহনে শৃঙ্খলা না থাকলে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে না। এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারব না।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দেশের ১০০টি মহাসড়ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের বিস্ময়। তার নেতৃত্ব ও অনুপ্রেরণায় আমরা অসাধ্যকে সাধন করছি।
সেতুমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণে এসব উন্নয়নমূলক কাজ করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী আপনি কী চান আমি বুঝতাম। আর আমি কী চাই সেটা মন্ত্রণালয়ে বুঝতো। আপনার (প্রধানমন্ত্রী) নেতৃত্বে আমরা টিম স্পিরিট নিয়ে কাজ করেছি। অনেক বাধা থাকলেও আমরা অতিক্রম করেছি।











