প্রতি বছরের মত এবারও ঐতিহ্যবাহী জামিয়া দারুল আরকাম আলইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়াতে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান।
সোমবার (২২ ফেব্রুয়ারি) জামিয়ার ছাত্র মিলনায়তনে অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে মানারাতুল আরকাম ছাত্র কাফেলার উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়।
জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার শায়খুল হাদীস, জামিয়া দারুল আরকাম আলইসলামিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠাতা মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব ও আলহাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা শায়খ সাজিদুর রহমানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জামিয়া দারুল আরকাম আলইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা সাজিদুর রহমান বলেন, বস্তুত ভাষা আল্লাহর দান। আল্লাহরই কুদরত ও রহমতের অপার নিদর্শন। এই জন্য প্রতিবছর ভাষা দিবসে আমাদের প্রধান করণীয় হলো, আল্লাহ রাব্বুল আলামীনের এই অপরিসীম নেয়ামতের শোকর আদায় করা এবং এই নেয়ামতের প্রতি দায়িত্ব পালন করা। এই দায়িত্বের উপলব্ধি থেকেই আমাদের মাদরাসাগুলোতে মাতৃভাষা বাংলার পঠন-পাঠন, চর্চা-অনুশীলন হয়ে থাকে।
বাংলাভাষার ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস ও প্রভাব, বাংলাভাষার প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য, বাংলাভাষার অপব্যবহার, বাংলাভাষা চর্চার ক্ষেত্রে করণীয় ইত্যাদি অনেক বিষয়ে ছাত্রদের তথ্যনির্ভর বক্তৃতা ও মানোত্তীর্ণ প্রবন্ধ, কালজয়ী ভাষার গান ছাড়াও ছিলো শিক্ষকদের পক্ষ থেকে বিশেষ আলোচনা এবং মনোজ্ঞ ভাষার কুইজ।
এছাড়াও অনুষ্ঠানের শেষে ছিলো গত ১৬ ডিসেম্বর ২০২১ তারিখে মহান বিজয় দিবস উপলক্ষে জামিয়া মিলনায়তনে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী পর্ব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়ার স্বনামধন্য শিক্ষাসচিব হযরত মাওলানা আবদুল হালীম, জামিয়ার মুহাদ্দিস হযরত মাওলানা শহীদুল্লাহ, হযরত মাওলানা মাযহারুল হক কাসেমী ও মাওলানা সাইফুল্লাহ খালেদ আলহুদা, মাওলানা মুখলিছুর রহমান আরকামী, মাওলানা ইবরাহীম, মাওলানা আবু দাউদ প্রমুখ জামিয়ার শিক্ষকগণ। দীর্ঘসময় ব্যাপী উপস্থিত দর্শক-শ্রোতারা এই অনুষ্ঠান উপভোগ করেছেন এবং উপকৃতও হয়েছেন বলে জানিয়েছেন।











