ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনী ফিলিস্তিনি যোদ্ধাদের আটকের জন্য তথাকথিত অভিযানের নামে অন্তত ১০ ফিলিস্তিনিকে শহীদ করেছে। এছাড়াও এ অভিযানে ১০০ জনেরও বেশি আহত হয়েছে।
আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে এ ঘটনাটি ঘটে।
দখলদার ইসরাইলের সামরিক বাহিনী দাবী করেছে, তারা গত সপ্তাহে পশ্চিম তীরে নিহত ইসরাইলীর হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে ৩ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করতে নাবলুসে প্রবেশ করেছিল। এসময় তারা ভবনটি ঘেরাও করে ভেতরে থাকা লোকদের আত্মসমর্পণ করতে বলে। কিন্তু পরিবর্তে তারা গুলি চালায়। তখন একজন ভবন থেকে পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয়। এবং তার পরপরই সামরিক বাহিনী বাড়িটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তা ধ্বংসস্তূপে পরিণত করে। এসময় সন্দেহভাজন অন্য ২ জনও নিহত হয়।
এ ঘটনার পরপরই নাবলুসে ফিলিস্তিনিদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর বেশ কয়েকটি সাঁজোয়া যান ও বিশেষ বাহিনীর সদস্য ফিলিস্তিনিদের উপর ঝাঁপিয়ে পড়ে।
এর পাল্টা জবাবে ফিলিস্তিনিরা তরুণরা ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া যান লক্ষ্য করে পাথর ছুড়ে। শুরু হয় তুমুল সংঘর্ষ। নির্বিচারে বুলেট নিক্ষেপ করে দখলদার ইসরাইল বাহিনী।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এ হামলায় অন্তত ১০ জন নিহত ও ১০২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
উল্লেখ্য; ২০২৩ সালের প্রথম দুই মাসে ইসরাইলী বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে যার মধ্যে ১২ জন শিশু রয়েছে।
সূত্র: আল জাজিরা











