পাকিস্তানে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত অর্থাৎ আগামী বছর পর্যন্ত বিলাসবহুল পণ্য কেনার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
তিনি বলেন, মন্ত্রিসভার সদস্যদের ব্যবহৃত সব বিলাসবহুল গাড়ি বাতিল করে নিলামে তোলা হবে। যেখানে প্রয়োজন সেখানে মন্ত্রীদের নিরাপত্তায় একটি মাত্র গাড়ি দেওয়া হবে।
আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তান সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামাবাদে ফেডারেল মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে শাহবাজ শরীফ বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টারা স্বেচ্ছায় তাদের বেতন-ভাতা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে সব মন্ত্রী তাদের নিজস্ব টেলিফোন, বিদ্যুৎ, পানি ও গ্যাসের বিল পরিশোধ করবেন।
পাক প্রধানমন্ত্রী বলেন, ফেডারেল মন্ত্রীরা অভ্যন্তরীণ ভ্রমণ বা বিদেশে যাওয়ার সময় ইকোনমিক ক্লাসে ভ্রমণ করবেন। সাপোর্ট স্টাফদের আর রাষ্ট্রীয় সফরে যেতে দেওয়া হবে না এবং মন্ত্রিসভার সদস্যরা বিদেশ সফরের সময় পাঁচতারকা হোটেলে থাকতে পারবেন না।
শাহবাজ শরীফ বলেন, মন্ত্রণালয়, বিভাগ ও উপ-বিভাগের বর্তমান ব্যয় ১৫ শতাংশ কমানো হবে। এ সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তারা তাদের বাজেটে প্রয়োজনীয় পরিবর্তন করবেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুন মাস পর্যন্ত অর্থাৎ আগামী বছর পর্যন্ত বিলাসবহুল পণ্য কেনার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। ২০২৪ সালের জুন পর্যন্ত সব ধরনের নতুন গাড়ি কেনার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।
তিনি বলেন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেসব সরকারি গাড়ি ব্যবহার করছেন, যারা ইতোমধ্যে গাড়ি মনিটাইজেশন সেবা নিয়েছেন সেগুলো ফেরত আনা হবে। সরকারি কর্মকর্তাদের আর নিরাপত্তার গাড়ি দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে একটি কমিটি পরিস্থিতির বিবেচনা করে কেস-টু-কেস ভিত্তিতে নিরাপত্তা গাড়ি সরবরাহের অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
তিনি জোর দিয়ে বলেন, যেকোনো ক্যাবিনেট সদস্য বা সরকারি কর্মকর্তা বিলাসবহুল গাড়ি ব্যবহার করবেন না। এছাড়া ভ্রমণ ব্যয় কমাতে টেলিকনফারেন্সিংয়ে উৎসাহিত করা হবে।
শাহবাজ শরীফ বলেন, ফেডারেল সরকারের বিষয়ে কোনো নতুন বিভাগ তৈরি করা হবে না। আগামী ২ বছর নতুন কোনো প্রশাসনিক ইউনিট, বিভাগ বা সাব-ডিভিশন তৈরি করা হবে না। একটি ‘সিঙ্গেল ট্রেজারি অ্যাকাউন্ট’ করা হবে উল্লেখ করে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে।
সরকারি কর্মচারীদের একাধিক প্লট বরাদ্দ দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীকাল থেকে তা বাস্তবায়ন করা হবে।
শাহবাজ শরীফ বলেন, এই উদ্যোগগুলো অবিলম্বে বাস্তবায়ন করা হবে এবং নতুন অর্থবছরের বাজেটের সময় ‘অতিরিক্ত ব্যবস্থা’ নেওয়া হবে। ফেডারেল ক্যাবিনেট এবং আমি পাকিস্তানের প্রধান বিচারপতি, ৪টি প্রদেশের প্রধান বিচারপতি ও আদালত এবং মুখ্যমন্ত্রীদের তাদের প্রতিষ্ঠান ও সরকারে একই ধরনের ব্যবস্থা বাস্তবায়নের অনুরোধ করছি।
সূত্র : ডন











