কুমিল্লার পাদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২২ মার্চ) দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লেভেল ক্রসিং অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী বাস ট্রেনের মুখে পড়ে। সংঘর্ষের পর বাসটিকে ট্রেনটি অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অমিত ভৌমিক ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফাও হতাহতের তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ট্রেনে থাকা কয়েকজন যাত্রী জানিয়েছেন, রেলক্রসিং পার হওয়ার সময় বাসটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। কয়েকজন যাত্রী দাবি করেছেন, ওই সময় রেলগেট নামানো ছিল না।
ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। নিহতদের পরিচয় শনাক্ত এবং হতাহতের পূর্ণ তালিকা প্রস্তুতের কাজও চলছে।










