spot_img
spot_img

ফ্যাসিবাদের ১৬ বছরে ছাত্রলীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ছাত্রদল: মাহদী আমিন

ফ্যাসিবাদের ১৬ বছরে সবচেয়ে বেশি হামলা-মামলা, গুম-খুন এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার দল বিএনপি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, হেলমেট ও হাতুড়ি বাহিনীকে উপেক্ষা করে, নিজ নামে ও নিজ পরিচয়ে যে ছাত্র সংগঠন বারবার ছাত্রলীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সেটি জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, এ সংগঠনের রাজনীতি করার কারণে অনেকে হলে থাকতে পারেননি, অনেকে পরীক্ষা দিতে পারেননি, অনেকে ক্লাসরুমে ঢুকতে পারেননি। তারপরও সীমাহীন নিপীড়ন-নির্যাতন বুকে ধারণ করে, সগৌরবে ছাত্রদলের পরিচয়েই তারা রাজনীতি করে গেছেন। গুপ্ত বা প্রকাশ্য, কোনো রাজনৈতিক দল বা সংগঠন, গণঅভ্যুত্থানে বা ফ্যাসিবাদের ১৬ বছরে তাদের শহীদের সত্যিকার সংখ্যা প্রকাশ করেনি। কারণ ছাত্রদলের যে ত্যাগ-সংগ্রাম ও রক্ত-অশ্রুর ইতিহাস রয়েছে, অন্য সব রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন মিলিয়েও সেই সংখ্যার ধারে-কাছে পৌঁছাতে পারবে না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, আমরা দেখেছি, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যার দিক থেকে একক সংগঠন হিসেবে সর্বাধিক ১৪২ জন শহীদ হয়েছেন, যারা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। গণঅভ্যুত্থানের উত্তাল সময়ের প্রথম দিন, ১৬ জুলাই ২০২৪, আবু সাঈদের সঙ্গে একই ক্ষণে শহীদ হন ছাত্রদলের ওয়াসিম আকরাম। সেই চট্টগ্রামেই ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রশিবির আজ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ