ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া এলাকায় বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ২৭ কিলোমিটার জমি হস্তান্তরের পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২১ মে) থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। সীমান্তবর্তী এলাকা থেকে পাওয়া ছবিতে দেখা যায়, ইতোমধ্যে কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ চলমান রয়েছে এবং প্রস্তুতিমূলক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন, ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য ২৭ কিলোমিটার জমি এবং সীমান্ত চৌকি (বিওপি) ও অন্যান্য অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় অতিরিক্ত জমি হস্তান্তর করা হবে।
তিনি জানান, পূর্বের বিলম্ব কাটিয়ে কেন্দ্রীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি তিনি আগের সরকারের সমালোচনা করে বলেন, জমি হস্তান্তরে সহযোগিতা না করায় সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল।
মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভূমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ৪৫ দিনের মধ্যে জমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। এরপর বিএসএফ দ্রুত বেড়া নির্মাণের কাজ সম্পন্ন করবে।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া, ওয়ান ইন্ডিয়া











