সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন,‘আমি আজকে দেড়টায় ম্যাডামকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখন তিনি সিসিইউতে আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা এখন ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না।’
ফখরুল বলেন, ‘আমি তার চিকিৎসার সাথে নিয়োজিত চিকিৎসকদের সাথে কথা বলে যেটা বুঝলাম, তার অবস্থা বেশ ক্রিটিকাল। তারা আজকে সন্ধ্যায় সম্ভবত আবার বোর্ড মিটিং করবেন এবং এই বোর্ড মিটিং করে তারা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। আমি আহ্বান জানাতে চাই, জনগণের কাছে তারা যেন ম্যাডাম সুস্থ হোন সেজন্য দোয়া করেন, আল্লাহ তালার কাছে সেই দোয়া চাই।’
আজ শনিবার (২২ জুন) দুপুর দেড়টায় বিএনপি মহাসচিব এভারকেয়ার হাসপাতালে যান এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যদের সাথে কথা বলার পর গণমাধ্যমকে এসব কথা জানান।
ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। সেখানে মেডিক্যাল বোর্ডের চিকিৎসক-নার্স ছাড়া সকলের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
শুক্রবার রাত ৩টায় গুলশানের বাসা ফিরোজায় বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থ’ হয়ে পড়লে রাত সাড়ে ৩টায় অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। দ্রুতই সিসিইউতে তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করে মেডিক্যাল বোর্ড।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক একিউএম মহসিনসহ মেডিক্যাল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠকে বসে সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছেন।
৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া সর্বশেষ গত ২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে আসেন। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুই দিন চিকিৎসা দেন। তিনি ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন।










