রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলা প্রসঙ্গে মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
শুক্রবার (২২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা মিয়ানমার জান্তা আইসিজেতে দাবি করে, জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতে গাম্বিয়ার এসব অভিযোগ তোলার অধিকার নেই।
আইসিজের বর্তমান প্রেসিডেন্ট জোয়ান ডনাহিউয়ে বলেন, ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন মোতাবেক এর সদস্যরা গণহত্যা বন্ধে উদ্যোগ নিতে পারেন এবং তারা এমন পরিস্থিতিতে উদ্যোগ নিতে বদ্ধপরিকর। সে অনুযায়ী, কনভেনশনের সদস্য রাষ্ট্র হিসেবে গাম্বিয়ার পক্ষ থেকে অভিযোগ তোলার পূর্ণ অধিকার রয়েছে বলে মনে করে ১৩ সদস্যের বিচারক প্যানেল।
আজকের এই রায়ের ফলে মামলাটির শুনানি শুরু হবে। তবে, এই শুনানি শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে।











