পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মহামারির সময় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। শুরু থেকেই তারা আমাদের অনেক সহযোগিতা করে আসছে। আমরা অত্যন্ত ভাগ্যবান যে, চীনের মতো ভালো বন্ধু পেয়েছি।
সম্প্রতি চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড-১৯’র উৎস ও কারণগুলো খুঁজে বের করার ক্ষেত্রে আমি মনে করি, এটি বিজ্ঞানীদের ওপর ছেড়ে দেওয়া উচিত। রাজনৈতিক উদ্দেশ্যে তদন্ত হলে তা বিপর্যয় ডেকে আনে।
গত সপ্তাহে চীন-বাংলাদেশ যৌথ টিকা উৎপাদন চুক্তির সন্ধিক্ষণে ড. মোমেন চীনা বার্তা সংস্থাটিকে বলেন, প্রাদুর্ভাবের প্রথম দিনগুলোতে চীন যখন কঠিন অবস্থায় পড়েছিল, তখন চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল বাংলাদেশ।
পরে বাংলাদেশ যখন সমস্যায় পড়ে, তখন চীন সরকার, এমনকি (চীনের) বেসরকারি প্রতিষ্ঠানগুলোও অনেক সহযোগিতা করেছে।











