কাবুল জয়ের মাধ্যমে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এরপরই জনগণের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তারা। পাশাপাশি নারীদের হিজাব পড়ে তাদের কর্মস্থলে যাওয়ার অনুমোদন দেয় তালেবান। এছাড়াও আফগানিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। সেই প্রতিশ্রুতি মোতাবেক কাবুলের জাতীয় সংগ্রহালয়ের বাইরে সশস্ত্র পাহারা বসিয়েছে তালিবান।
বৃহস্পতিবার এ বিষয়ে আফগানিস্তানের জাতীয় সংগ্রহালয়ের পরিচালক মোহাম্মাদ ফাহিম রহিমি জানিয়েছেন, কাবুলে জাতীয় সংগ্রহালয়ের বাইরে সশস্ত্র পাহারা বসিয়েছে তালিবান। সেই সঙ্গে তাদের প্রতিশ্রুতি— আফগানিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্যের নমুনাবহনকারী নিদর্শনগুলো রক্ষা করা হবে। এ নিয়ে বুধবার তালিবান নেতাদের সঙ্গেও আলোচনা হয়েছে তার।
রহিমি জানিয়েছেন, কাবুলে ন্যাশনাল মিউজিয়াম অব আফগানিস্তান ভবনের দরজায় রক্ষী মোতায়েন করেছে তালেবান। ওই সংগ্রহালয়ে রাখা মহামূল্যবান সামগ্রী লুঠপাটের হাত থেকে রক্ষা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।












