জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি বলেছেন, সারাদেশে অনেক মানুষ চাকুরীচ্যুত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সরকারের জন্য দেশের মানুষ সন্তানতূল্য। তাই দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশের মানুষকে শোষণ করা রাজনীতি হতে পারে না। মানুষ যেন কষ্টে না থাকে এ লক্ষ্যে সরকারকে কাজ করতে হবে।
রোববার (২২ আগস্ট) দুপুরে রংপুর বদরগঞ্জ উপজেলার শ্যামপুর সুগার মিলস প্রাঙ্গনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন,সরকারকে সাধারণ মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। মানুষকে বাঁচাতে হবে, প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নিতে হবে। সরকারী কর্মকর্তা, মন্ত্রীরা বড় বড় কথা বলে যান। কিন্তু সেই অনুযায়ী কাজ বাস্তবায়ণ করেন না। উত্তরবঙ্গের মানুষ অবহেলিত হয়ে আসছে। আমরা আর অবহেলিত থাকতে চাই না। আমরা সংগ্রাম করবো, আপনারা প্রস্তুত থাকবেন।
তিনি বলেন, আখ সংকটসহ নানা অজুহাত দেখিয়ে রংপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিলকে বন্ধের চেষ্টা চালানো হচ্ছে। আমরা বারবার বলেছি, আমাদের খাদ্যশস্য, খাদ্য নিরাপত্তার জন্য হলেও সুগার মিল চালু রাখতে হবে। শিল্প কারখানা স্থাপন করা হলে এলাকার উন্নয়ন হয়, মানুষ কাজ পায়, অর্থনৈতিক উন্নয়ন হয়। আমরা মানুষের জন্য রাজনীতি করি। তাই মানুষের অধিকার নিশ্চিতে আমাদের কাজ করতে হবে। প্রয়োজনে সুগার মিলে উৎপাদিত চিনি ও সহপণ্য বিক্রি করাসহ বিকল্প ব্যবস্থা করতে হবে।











