আফগানিস্তানের জনগণ তালেবানদের সন্ত্রাসী বলে মনে করে না বলে জানিয়েছেন সংগঠনটির কালচারাল কমিশনের মুখপাত্র আব্দুল কাহার বালখি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী বললেও আফগানিস্তানের মানুষ তাদের সন্ত্রাসী ভাবে না।
তালেবানের ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন ইস্যুতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তালেবান সরকার গঠন নিয়ে বালখি বলেন, নতুন সরকার গঠনে কাজ চলছে এবং অবশ্যই আমরা ভালো একটা সিস্টেমের মধ্যে কাজ করতে পারব। রাজধানী তালেবানের যাত্রাস্থল কান্দাহারে স্থানান্তর করা হবে নাকি, কাবুলেই থাকবে সেটি নিয়েও আলোচনা হচ্ছে।’
তিনি বলেন, নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা আমেরিকার সঙ্গে কথা বলছি, একসঙ্গে কাজ করছি। বিমানবন্দরের বাইরে চেকপোস্ট আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ভেতরের বিষয়টি যুক্তরাষ্ট্রের সেনারা দেখছেন। আমরা প্রতিনিয়ত নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলছি।












