সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, পৃথিবীতে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু কোথাও সপরিবারে কাউকে হত্যা করা হয়নি। এমনকি কারবালার হত্যাকাণ্ডেও শিশু ও নারীদের হত্যা করা হয়নি। সেদিক থেকে বঙ্গবন্ধু হত্যা কারবালার হত্যাকাণ্ডকেও হার মানিয়েছে।
সোমবার (২২ আগস্ট) জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত ‘নজরুল ও বঙ্গবন্ধুর উক্তি ও উপলদ্ধির অভিব্যক্তি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তানিরা বহুবার চেষ্টা করেও বঙ্গবন্ধুকে স্পর্শ করার সাহস পায়নি। কিন্তু স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় নৃশংসভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। শেখ হাসিনা একসঙ্গে পরিবারের ১৭ সদস্যকে হারিয়েছেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু নজরুলভক্ত ছিলেন। যার কারণেই স্বাধীনতার পর বঙ্গবন্ধু কাজী নজরুলকে বাংলাদেশে ফিরিয়ে আনেন এবং তিনি আমৃত্যু বাংলাদেশে ছিলেন।










