ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, শুধুমাত্র নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান সংগঠিত হয় নাই।আগামী নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে। আগামী নির্বাচন অবশ্যই পি আর পদ্ধতিতে হতে হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের উদ্যেগে ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, শিক্ষা, চরিত্র, দেশ ও দীন গঠনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভোগবাদী সংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের এই সময়ে ছাত্রসমাজকে আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে দেশ ও জাতির কল্যাণে ছাত্রসমাজকে আদর্শিক ও নৈতিক ভিত্তির ওপর গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। নীতি-নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী চেতনাই একটি আদর্শ জাতি গঠনের মূলভিত্তি।











