ঢাকার কেরানীগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি এবং তার ফুপাতো ভাইকে ককটেলের স্প্লিন্টারে আহত করে অন্তত ২৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জের হযরতপুর গরুহাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন স্বর্ণ ব্যবসায়ী অন্তর সরকার ও তার ফুপাতো ভাই রাজিব সরকার।
অন্তরের বাবা নিতাই সরকার জানান, হযরতপুর গরুহাটা এলাকায় ‘ঋতু জুয়েলার্স’ নামে তাদের একটি স্বর্ণালংকারের দোকান রয়েছে। প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করে অন্তর, তার বাবা ও রাজিব একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন।
পথে তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাদের অটোরিকশার গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা অন্তরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার ডান পায়ে লাগে। এরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হলে রাজিবের পায়ে স্প্লিন্টারের আঘাত লাগে।
নিতাই সরকারের দাবি, হামলার সময় দুর্বৃত্তরা অন্তরের কাছে থাকা একটি টিফিন ক্যারিয়ার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই টিফিন ক্যারিয়ারে আনুমানিক ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণালংকার ছিল। দোকান থেকে নিয়মিত ওই টিফিন ক্যারিয়ারে করে স্বর্ণালংকার আনা-নেওয়া করা হতো।
হামলায় নিতাই সরকার অক্ষত থাকলেও অন্তর ও রাজিব আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, অন্তরের ডান পায়ে গুলির আঘাত এবং রাজিবের পায়ে স্প্লিন্টারের আঘাত রয়েছে। তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।











