আবু বকর সিদ্দিক
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় বিষপানে পুষ্পা খাতুন (৪০) নামের এক নারীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকাল ১০টার দিকে পারিবারিক কলহের জেরে তিনি বিষপান করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পুষ্পা খাতুন দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের আশাদুল হকের স্ত্রী।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, ‘সকালে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় পুষ্পা নামের এক নারীকে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যরা জানায় সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। তার মুখ থেকে বিষের গন্ধ পাওয়ায় জরুরি বিভাগ থেকে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ হস্তান্তর করা হয়েছে।’











