spot_img
spot_img

সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজ বানানোর উদ্যোগ, চলতি বছরই ভর্তি শুরুর পরিকল্পনা

দেশে আরও একটি সরকারি মেডিকেল কলেজ চালুর উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছর থেকেই শিক্ষার্থী ভর্তি শুরুর চিন্তা রয়েছে। তবে কলেজের শিক্ষা কার্যক্রম কোথায় পরিচালিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। আপাতত হাসপাতাল ভবনের দুটি তলায় কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, দেশে বর্তমানে সরকারি মেডিকেল কলেজ রয়েছে ৩৬টি। দীর্ঘদিন ধরেই এসব কলেজে শিক্ষকসংকট চলছে। অনুমোদিত শিক্ষক পদের প্রায় ৪৫ শতাংশ শূন্য রয়েছে। অর্থাৎ, মোট পদের অর্ধেকের কিছু বেশি পূরণ হয়েছে। এছাড়া ১২টি সরকারি মেডিকেল কলেজের নিজস্ব হাসপাতাল নেই।

এ পরিস্থিতিতে রাজধানীর ফুলবাড়িয়ায় ৫০০ শয্যার সরকারি কর্মচারী হাসপাতালে মেডিকেল কলেজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা পান। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য হাসপাতাল ভবনের দুটি তলা খালি করা হতে পারে। পাশাপাশি আশপাশের কোনো ভবন ভাড়া নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। প্রথম বছর ৫০টি আসন নিয়ে কলেজটির যাত্রা শুরু হতে পারে। শিগগিরই প্রস্তাবিত জায়গা পরিদর্শন করবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কমিটি।

সরকারি কর্মচারী হাসপাতালের অতিরিক্ত মহাপরিচালক রুহুল আমিন বলেন, দেশে ১৫ লাখ সরকারি কর্মচারী রয়েছেন। তাদের স্বাস্থ্যসেবা আরও ভালোভাবে পরিচালনার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঝিলমিল প্রকল্পে জমি কেনা হচ্ছে এবং সেখানে স্থায়ী ক্যাম্পাস তৈরির জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপাতত দুই-তিন বছর এখানেই ক্লাস চলবে।

বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার নীতিমালা থাকলেও সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এমন নীতিমালা নেই। ফলে নানা ক্ষেত্রে প্রস্তুতি ছাড়াই এর আগে বেশ কয়েকটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। সেগুলো বিভিন্ন সংকট নিয়ে পরিচালিত হচ্ছে। একই প্রক্রিয়ায় আরও একটি মেডিকেল কলেজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, সেখানে কালকেই মেডিকেল কলেজ চালু হয়ে যাচ্ছে না। প্রস্তুতি নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা চলছে। ঢাকায় একটি ভালো হাসপাতাল রয়েছে। সেখানে মেডিকেল কলেজ হলে সুবিধা হতে পারে, এমন চিন্তা থেকেই অনেকে বিষয়টি বিবেচনা করেছেন। আমরা হয়তো সেই প্রক্রিয়ার মধ্যেই আছি। ধাপে ধাপে কাজ হবে। এ নিয়ে চিন্তার কিছু নেই।

সরকারি কর্মচারী হাসপাতালে প্রতিদিন ৩ হাজারের বেশি রোগী আসেন। পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে সেখানে মেডিকেল কলেজ চালু করা যেতে পারে। তবে প্রস্তুতি নিয়ে প্রশ্ন ওঠায় উদ্যোগটি সমালোচনার মুখে পড়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ