ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে একটি মিষ্টি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৯ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে জাকার্তার পশ্চিমাঞ্চলের সেরাং জেলার ফনুসা আগুং মুলিয়া কারখানায় আগুন লাগে। রোববার (২২ নভেম্বর) পর্যন্ত কারখানাটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে থাকায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
রোববার স্থানীয় উদ্ধার ও অনুসন্ধান সংস্থার কর্মকর্তা রিজকি দিউয়ান্তো এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, এখন পর্যন্ত ৩৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে বের করতে অভিযান চলছে।’ এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলেও জানান তিনি।
উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে উদ্ধারকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করেই অভিযান পরিচালনা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও তদন্তাধীন রয়েছে।
সূত্র : এএফপি











