শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, তৈরি পোশাকশিল্প রক্ষার দায়িত্ব সবার। শ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ দেশ ও পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করতে চায়।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক (ওএসএইচ) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকার শতভাগ চেষ্টা করছে। শ্রমবান্ধব বাজেটও দেওয়া হয়েছে। তবে শ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, তারা দেশকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেন তিনি।
এ সময় তৈরি পোশাক খাতে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে একটি গোষ্ঠীর হাত রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে এবং এ লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে। দেশে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।











