ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজস্থানের কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শম্ভুপুরা গ্রামের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ক্রুজার গাড়ি ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত গাড়িতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তারা রাজস্থানের খাটু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই শিশু ও চার নারী রয়েছেন। আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ জোশি। তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন।
সূত্র: এনডিটিভি











