চট্টগ্রাম ক্লাবের সভাপতি নাদের খান ও তার স্ত্রী হাসিনা খান চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকার একটি জামে মসজিদে উচ্চস্বরে আজানের আওয়াজ নিয়ে ক্ষোভ প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আজানের আওয়াজ নিয়ে আপত্তিকর ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। আজান মহান
আল্লাহ পাকের পক্ষ থেকে আহ্বান করার নাম।
মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, আজানের সুমধুর আওয়াজ শুনে অনেক অমুসলিম ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। আজানের আওয়াজ এমন সুমধুর যে, কোনও পাষাণ হৃদয় আন্দোলিত হয় মহান রবের তরে। কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হলো মুসলিম দম্পতি তাদের কাছে আজানের আওয়াজ নাকি বিরক্তিকর।
তিনি বলেন, আজানের আওয়াজ ভালো না লাগলে বুঝতে হবে তার সমস্যা অন্য জায়গায়। আজানের আওয়াজে নয়। কাজেই শিল্পপতি নাদের খান ও তার স্ত্রী হাসিনা খানকে অবশ্যই তওবা করতে হবে এবং মসজিদ কর্তৃপক্ষের পাশাপাশি মহান আল্লাহর কাছে তাদের কৃত অপরাধের জন্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তারা আজীবন ইসলামবিদ্বেষী হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।










