অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনাভাইরাস নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি, আমার মনে হয় ততটা ভয়াবহ কিছু হবে না।
রবিবার (২৩ জানুয়ারি) অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, আমরা সবসময় সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি। করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি আছে। আমরা আগে যেভাবে মোকাবিলা করেছি, সেভাবে মোকাবিলা করতে পারব।
করোনা সংকটের মধ্যে গ্যাস, সার, বিদ্যুতের মূল্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমার এখান থেকে প্রাইজ বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, আমি এখনও জানি না। বিষয়টি যখন জানবো তখন এ বিষয়ে আমি দেখতে পারবো। এ বিষয়ে আমি অবশ্যই জানবো, যখন জানবো তখন ব্যবস্থা নেবো। আমার যা করণীয় সেটা অবশ্যই করবো। আমাদের সরকার জনগণের সরকার। এ দেশের সব মানুষকে নিয়েই আমাদের চলাচল, আমি মনে করি কখনো এই চলার পথ বিঘ্নিত হবে না।










