ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে পার্টির কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভায় তিনি এ দাবি জানান।
মাওলানা আব্দুল মাজেদ বলেন, সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিম রাষ্ট্রে যদি মুসলমানরাই অবহেলিত থাকে, তাদের চাহিদা এবং দাবিই অপূর্ণ থাকে, তবে এই রাষ্ট্রের উন্নতি-অগ্রগতি কোনদিনও সম্ভব না। বাক স্বাধীনতার নামে যদি মুসলমানদের অনুভূতিতে আঘাত করা হয়, সেটা কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। অনতিবিলম্বে ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আল্লাহকে নিয়ে কটূক্তি করা এনসিটিবির পাঠ্যবই সংশোধন কমিটির সদস্য রাখাল রাহার (সাজ্জাদুর রহমান) দ্রুত শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, এটা মুসলমানের দেশ, এ দেশে ইসলাম অবমাননা কোনভাবেই মেনে নেওয়া হবে না। রাখাল রাহার যথাযথ বিচার করতে ব্যর্থ হলে পরবর্তীতে ইসলাম বিদ্বেষীরা ভয়ংকরভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, একটা শ্রেণী ভারতসহ বিশ্ববাসীকে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের মিথ্যা চিত্র দেখিয়ে ফায়দা হাসিল করতে চায়। তাদের এই চক্রান্ত কোনভাবেই বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। তারা এই দেশের দুশমন। আমাদের মনে রাখতে হবে, এখনো ফ্যাসিস্ট হাসিনা ভারতে রয়েছে। অতএব ফ্যাসিবাদি আওয়ামী লীগকে কোনভাবেই আর রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না। ওরা আবার সক্রিয় হলে দেশটা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে।
মাওলানা আব্দুল মাজেদ আতহারী সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মুফতী মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল খালেক নিজামী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, সহকারী মহাসচিব মাওলানা আজিজুল হক, মাওলানা মোজাম্মেল হক তালুকদার, সংগঠন সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, দপ্তর সচিব মুফতী দিনে আলম হারুনী, প্রচার সচিব আব্দুল্লাহ আল মাসুদ খান, সহকারী সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী, সহকারি অর্থ সচিব হাজী আনোয়ারুল কবীর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার হোসেন রব্বানী, মুফতী ওয়াহীদুজ্জামান ফরিদপূরী, মুফতী আতিকুর রহমান সিদ্দিকী, মুফতী মাসুম বিল্লাহ আনওয়ারী প্রমুখ।











