সোমবার | ২৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

৬ সিটিতে দলীয় প্রশাসক নিয়োগে গণতান্ত্রিক মূল্যবোধে আঘাত : গাজী আতাউর

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ছয়টি সিটি কর্পোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক; এতে দায়হীন ব্যক্তিদের হাতে দেশের সবচেয়ে বড় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তুলে দেওয়া হয়েছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সময় সিটি কর্পোরেশনের মেয়ররা পালিয়ে গেলে সিটি কর্পোরেশনগুলো নেতৃত্বশূন্য হয়। আমরা তখন দাবি করেছিলাম যে, দ্রুত স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করা হোক। কিন্তু বিএনপির বিরোধিতায় স্থানীয় সরকার নির্বাচন করা যায় নাই। বরং সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছিলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সিটি কর্পোরেশনগুলোতে দলীয় ব্যক্তিদের পুরস্কারস্বরূপ প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটা গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। এর মাধ্যমে দায়হীন ব্যক্তিদের কাছে দেশের সবচেয়ে বড় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে তুলে দেওয়া হলো।”

তিনি আরও বলেন, “যারা নির্বাচনের মাধ্যমে জিতে মেয়র হন তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে জনপ্রশাসন থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হলে তাদেরও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থাকে। কিন্তু এখন যাদেরকে রাজনৈতিকভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হলো তাদের দায়বদ্ধতা কার কাছে? কেবলই দলের কাছে? দলের প্রতি তাদের আনুগত্যের পুরস্কার হিসেবে জনগণের প্রতিষ্ঠানকে কেন তাদের হাতে তুলে দেওয়া হবে?”

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “আমরা জোর দাবি করছি যে, ছয়টি সিটি কর্পোরেশনে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তা বাতিল করে দ্রুততার সাথে সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজন করুন। স্থানীয় সরকারের সবচেয়ে বড় প্রতিষ্ঠানকে কোনো দলের আনুগত্যের প্রাইজ পোস্ট হতে দেওয়া যায় না।”

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ