বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপিকে দুর্বল করা কখনো সম্ভব হয় না। চৌদ্দ বছর ধরে বিএনপির ওপর নির্যাতন করা হয়েছে। বানোয়াট মামলায় ফরমায়েশি রায়ে কারাবন্দি রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। তিনি অসুস্থ। চিকিৎসার জন্য বিদেশেও যেতে দেওয়া হয় না। কত অমানবিক এ সরকার।
বুধবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সাজসজ্জা-আলোকচিত্র ও মুক্তিযুদ্ধের বইমেলা উদযাপন কমিটি আয়োজিত দুই দিনব্যাপী ‘মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনীর’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের একটি লক্ষ্য এ সরকারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে এনে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করতে হবে।










