বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
তিনি বলেন, বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে ‘লাইটার অ্যারেস্টার’ সংবলিত বজ্রপাত নিরোধক কংক্রিটের ছাউনি (শেল্টার) নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের হাওর অঞ্চলসহ বজ্রপাতপ্রবণ ২৩ জেলায় এসব ছাউনি নির্মাণে প্রকল্প হাতে নেয়া হয়েছে।
বুধবার (২৩ মার্চ) রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিজ্ঞান বিভাগ আয়োাজিত “আর্লি ওয়ার্নিং এন্ড আর্লি একশন: লাইটেনিং ডিজাস্টার” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ডা. এনামুর রহমান বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা কমে আসবে। বজ্রপাত ঠেকানো সম্ভব নয়। তবে এতে মৃত্যুর হার কমিয়ে আনতে আমরা তিনটি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছি। এর একটি হলো আরলি ওয়ার্নিং সিস্টেম। অর্থাৎ বজ্রপাতের ৪০ মিনিট আগেই সংকেত দেবে সেই যন্ত্র । দ্বিতীয়ত হলো,বজ্রপাত-নিরোধক কংক্রিটের শেল্টার নির্মাণ এবং তৃতীয়ত, জনসচেতনতা বাড়ানো।









