ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য, জমিয়াতুল মোদাররেসীনের সিনিয়র সহ-সভাপতি, চরমোনাই কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর রোগমুক্তি কামনায় বিশেষ দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৩ মার্চ) বাদ আসর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে এ দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন, যুবনেতা মুফতী মানুসর আহমদ সাকী, রহমাতুল্লাহ বিন হাবিব, মুফতী সিরাজুল ইসলাম, মুহাম্মদ শফিকুল ইসলাম, মাওলানা সাইফুল্লাহ আল খালিদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ মাদানীর আশু রোগমুক্তির জন্য দেশের ইসলামপ্রিয় জনতার প্রতি আন্তরিক দোয়া কামনা করেন।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে বরগুনার এক অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হলে মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীকে বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বরিশাল মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানকার টেস্ট রিপোর্ট থেকে জানা যায় যে, তিনি স্ট্রোক, কিডনীসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত। এমতাবস্থায় বিশেষ ব্যবস্থাপনায় ঢাকার কিডনী ফাউন্ডেশনে ভর্তি হলে সেখানে একটি অপারেশন হয়। মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী
বর্তমানে সিসিইউতে বিশেষজ্ঞ ডাক্তারের নিবির পর্যবেক্ষণে রয়েছেন। প্রয়োজন হলে এই বিশেষ মেডিকেল বোর্ড বিদেশে চিকিৎসার কথা বলবেন।










